ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ থাকলে সুষ্ঠু নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে আজ একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা একসঙ্গে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, আহত হয়েছি সবাই মিলে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে চাই।’

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতায় বিএনপি মহাসচিব একথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘আমি এ ব্যাপারে এখনো আশা হারাইনি। আমি বিশ্বাস করি, যারা একসঙ্গে সে সময়ে আন্দোলন করেছি, সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ করি এবং আমরা একমত হই—অবশ্যই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারব। আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা খুশি হয়েছি যখন দেখলাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটা সভা করলেন এবং সেই সভায় তারা কতগুলো বিষয় একমত হলেন। এটা নিঃসন্দেহে আমাদের কাছে একটি অত্যন্ত আশার বাণী সামনে এনেছে। আমরা আশ্বস্ত হয়েছি যে, সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে ও পলিট ব্যুরোর সদস্য রাশেদ খানের সঞ্চালনায় ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবুল, গণফোরামের মিজানুর রহমান, বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিএনপি আবদুস সালাম, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, আমজনতার দল রাশেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।