গাইবান্ধায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ডাকে ছাত্র হত্যা, গ্রেফতার বন্ধ, আটককৃতদের মুক্তিসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষে ‘গণমিছিল’ করেছে
ছাত্র-জনতা।
শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজে বিভিন্ন মসজিদে দোয়া ও নামাজের পর
জেলা শহরের বড় মসজিদের সামনে থেকে এ গণমিছিল শুরু হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক
ও আইনজীবীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’
কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর শহরের বড় মসজিদের সামনে থেকে বৃষ্টি উপেক্ষা
করে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি কাচারি বাজার, পৌরপার্ক হয়ে ডিবি
রোডের ১নং ট্রাফিক মোড়ে এসে বিক্ষোভ শুরু করেন তারা। বৃষ্টির মধ্যেই এক পর্যায়ে রাস্তায়
বসে অবস্থান নেয় ছাত্র-জনতা। এতে ডিবি রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় ছাত্র-জনতা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, ‘মুক্তিযুদ্ধের
চেতনা, রাষ্ট্র কারোর বাপের না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাঠি-গুলি টিয়ার
গ্যাস, জবাব দেবে বাংলাদেশ’সহ নানা স্লোগান দেন।
প্রায় আধা ঘণ্টা পর আবারো গণমিছিল শুরু হয়। মিছিলটি সার্কুলার রোড
হয়ে শনি মন্দির সড়ক দিয়ে আবারো পৌর পার্কের সামনে ডিবি রোডে এগিয়ে যেতে থাকে। পরে পুরাতন
জেলখানা মোড়ে জিরো পয়েন্টে মিলিত হয় ছাত্র-জনতা।
শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে
যাওয়ার ঘোষণা দেন। এ সময় পুরো গাইবান্ধা শহরে উত্তেজনা বিরাজ করে। বিভিন্ন গুরুত্বপূর্ণ
পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।









