ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহীর বলেছেন, কর্মসংস্থান বাড়াতে চাইলে শিল্প-কারখানা চালুর বিকল্প নেই। এজন্য আমাদের স্থানীয় উদ্যোক্তারা প্রস্তুত। তারা দেশকে বুঝে। কিন্তু সমস্যা হল, বিনিয়োগ করার পর যদি অবকাঠামোগত সুবিধা পাওয়া না যায়, তাহলে পরবর্তীতে কেউ বিনিয়োগ করতে আসবে না।
সোমবার (১১ মে) বণিক বার্তা আয়োজিত ‘সোনার বাংলা নীতি আলোচনা ২০২৬’ শীর্ষক পলিসি কনক্লেভে তিনি এসব কথা বলেন।
ইউসিবি চেয়ারম্যান বলেন, দেশীয় উদ্যোক্তারা বিনিয়োগ করলে বিদেশী বিনিয়োগ আসবে। না হয় আমরা যতই বিদেশী বিনিয়োগের কথা বলি না কেন, সব বৃথা যাবে। বিগত সরকার শিল্প কারখানার গ্যাসের দামে বৈষম্য সৃষ্টি করে গেছে।
তিনি আরো বলেন, কেউ শিল্প-কারখানায় বিনিয়োগ করার পর বাড়তি দামে গ্যাস কিনতে হলে সে প্রতিযোগিতায় টিকে থাকবে কিভাবে? আমরা যদি অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো দূর করতে পারি, তাহলে দেশী বিনিয়োগের পাশাপাশি বিদেশী বিনিয়োগও আসবে। কর্মসংস্থান তখন স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হবে।










