রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদার ও মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল ‘বিশ্ব শরণার্থী দিবস’ উপলক্ষে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি বলেন, ‘বিশ্ব শরণার্থী দিবসে আমরা বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ মানুষের প্রতি সংহতি প্রকাশ করছি। বাংলাদেশের জন্য এটি কেবল একটি বৈশ্বিক ইস্যু নয়, এটি আমাদের নিদারুণ বাস্তবতা।’
রোহিঙ্গা ইস্যুকে বিশ্বের অন্যতম গুরুতর মানবিক সংকট হিসেবে উল্লেখ করে এর দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘কক্সবাজারে ১৪ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয়ের মাধ্যমে বাংলাদেশ যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা আন্তর্জাতিক মহলে প্রশংসিত। কিন্তু এ সংকট বিশ্বের অন্যতম গুরুতর মানবিক সংকট হয়ে দাঁড়িয়েছে এবং এর ভার এখন বিপজ্জনকভাবে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।’










