ন্যানোপ্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার ও সম্ভাবনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘ওষুধ সরবরাহ ও ইলেকট্রনিক্সে ন্যানোরেভোলিউশন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানোপ্রযুক্তি সেন্টার। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস) সেমিনার রুমে এটি অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে সেমিনার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ন্যানোপ্রযুক্তি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং ভারতের গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জয় সিং।

প্রো-ভাইস চ্যান্সেলর ড. মামুন আহমেদ বলেন, ন্যানোপ্রযুক্তি ওষুধ শিল্প ও ইলেকট্রনিক্স শিল্পে বিপ্লব ঘটাতে পারে। পরিবেশ উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন, নতুন উদ্ভাবনগুলোকে গবেষণাগার থেকে শিল্প খাতে নিয়ে যেতে হবে। এজন্য মাল্টিডিসিপ্লিনারি গবেষণার বিকল্প নেই।

সেমিনারে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও বিভিন্ন শিল্প খাতে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। বক্তারা প্রযুক্তির সম্প্রসারণ, অভিযোজন ও জনকল্যাণে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশে ন্যানোপ্রযুক্তির উন্নয়ন ও বিস্তারে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানোপ্রযুক্তি সেন্টার। এ প্রযুক্তির মাধ্যমে দেশকে বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কেন্দ্রটি কাজ চালিয়ে যাচ্ছে।