আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আদালত ও সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ১৯৭২ সাল থেকে আওয়ামী লীগ একটি রেজিস্টার্ড দল। আদালত ও সরকার নিষেধাজ্ঞা না দিলে দলটির নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এ সময় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। কমিশনের ওপর কোনো চাপ নেই। গত নির্বাচনের মতো এবার বহিঃশক্তি নির্বাচন কমিশনে চাপ প্রয়োগ করতে পারবে না। আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এবার আর আগের মতো ভোট হবে না। ১৯৯১ এবং ১৯৯৬ সালের মতো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটার তালিকা প্রসঙ্গে তিনি জানান, তালিকায় ভুয়া ভোটার থাকার অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া যেসব ভোটার মারা গেছেন, তাদের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়নি। মৃতদের নাম বাদ দেয়ার জন্য স্বজনরা উদ্যোগ নেন না, যা বিগত নির্বাচনগুলোতে সুযোগ হিসেবে ব্যবহৃত হয়েছে।

নারী ভোটারের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে সিইসি বলেন, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার কম। এ অবস্থা পরিবর্তনে সবার সহায়তা প্রয়োজন।