রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২২ জুন) রোববার নিবন্ধনের আবেদন জমা দেয়ার শেষ দিনে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন জমা দিয়েছে দলটি। বিকেল চারটায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল আবেদন জমা দিয়েছেন। প্রতিনিধি দলে আরোছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

আবেদন জমা দেয়ার পর সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘আমরা রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচনী আইন (আরপিও) অনুযায়ী প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে আবেদনপত্র জমা দিয়েছি। নির্বাচন কমিশন তা গ্রহণ করেছে এবং একটি রসিদ কপি দিয়েছে।’

দলের প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী জানান, ‘আমরা শাপলা ফুল প্রতীক চেয়েছি। বিকল্প প্রতীক হিসেবে কলম এবং মোবাইল ফোনের জন্যও আবেদন করা হয়েছে।’ দলটি এখন পর্যন্ত ১৩০টি উপজেলা কমিটি এবং প্রায় ৩০টি জেলা কমিটি গঠন করেছে। এর আগে, গত ১০ মার্চ নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে। পরে, ২০ এপ্রিল নির্বাচন কমিশন ৪৬টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা আরও দুই মাস বাড়ায়। ২০০৮ সালে দেশে রাজনৈতিক দল নিবন্ধন ব্যবস্থা চালু হয়। বর্তমানে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।