রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশ একা নয়, তুরুস্ক পাশে আছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলোমান সোলু। আজ শনিবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

আজ সকাল সকাল ৮টায় বিশেষ বিমানযোগে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সুলোমান সোলু। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এ সময়ের মধ্যে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে যাওয়া টার্কিশ সরকারি সংস্থা আফাদ পরিচালিত ৫০ শয্যার ফিল্ড হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

একই এলাকার আগুনের ঘটনায় রোহিঙ্গাদের জন্য নির্মাণাধীন অস্থায়ী আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন সুলোমান সোলু। পরে রোহিঙ্গা শিশু কিশোরদের সঙ্গে খেলাধুলা করেন।

এরপর ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের স্বাস্থ্য সেবা কার্যক্রম এবং তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত সাবান কারখানা পরিদর্শন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় সুলোমান সোলুর সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ইসমাইল ছাতাকলু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার খালিল বল দামির, তুরস্কের দুজন সাংসদ, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামানসহ পদস্থ কর্মকর্তারা।