রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি, প্রত্যয়নপত্রসহ সব ধরনের ফি কমানো হয়েছে। গত ২৯ অক্টোবর বিভাগীয় একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (সম্মান) পর্যায়ের ছাত্রদের এককালীন ছাত্রকল্যাণ ও মিডিয়া রিসার্চ ল্যাব ফির ৩০ টাকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। যদিও মোট ফির পরিমাণ আগের মতোই থাকবে। মাস্টার্স পর্যায়ের পরীক্ষার ফরম পূরণের এককালীন ছাত্রকল্যাণ ও মিডিয়া রিসার্চ ল্যাব ফির পরিমাণ আগের হারে বিদ্যমান থাকলেও সেমিনার ফি ১ হাজার টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে এবং অনুদান ফির ৩০০ টাকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিভিন্ন ধরনের প্রত্যয়ন পত্রের জন্য এককালীন ফি গুলোর মধ্যে সাধারণ প্রত্যয়ন পত্রের ফি ১০০ টাকা এবং নম্বর পত্রের প্রত্যয়ন ফি ১০০ টাকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল বলেন, বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর দেখেছি কিছু খাতের ফি ছাড়াই বিভাগ কার্যক্রম পরিচালনা করতে পারে। এছাড়া এখানে অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থী ভর্তি হয়। তাদের জন্য এসব ফি দেয়া কষ্ট হয়ে দাঁড়ায়। তাই শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে আমরা একাডেমিক কমিটির সভায় কিছু ফি কমানো এবং কিছু ফি সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।










