নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধার বিরুদ্ধে সরকারিভাবে ভাতাপ্রাপ্ত পাঁচ বীরাঙ্গনার কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। বিষয়টির প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন এই পাঁচ বীরাঙ্গনা।

গত বৃহস্পতিবার জমা দেয়া লিখিত অভিযোগে তারা বলেন, নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধার সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ হলে তিনি তাদের গালিগালাজ করেন। এ সময় পাঁচ বীরাঙ্গনার প্রত্যেককে দুই লাখ করে মোট ১০ লাখ টাকা তাকে ঘুষ না দিলে তাদের নাম সরকারি গেজেট থেকে বাদ দিয়ে দেবেন বলে হুমকি দেন। নিরুপায় হয়ে বীরাঙ্গনা হালিমা-২, সমর্থ ভানু, মোছাঃ হালিমা-১, রেখা ও সাহেরা এ বিষয়ে প্রতিকারের জন্য নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের কাছে লিখিত আবেদন করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাধনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা বলেছেন, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। কারো ইন্ধনে পাঁচ বীরাঙ্গনা এমন অসত্য অভিযোগ করেছেন। তিনি কখনোই ১০ লাখ টাকা ঘুষ দাবি করেননি।

গতকাল বিকালে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি দ্রুত তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।