হজ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এবং এয়ারক্রাফট স্বল্পতার জন্য ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ও ফিরতি রুটের ফ্লাইট আগামী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সাময়িক স্তগিত রাখা হয়েছে। হজ ফ্লাইট শেষে আগামী ১১ জুলাই থেকে আগের মতো ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে। যাত্রীদের সুবিধার্থে ১১ জুলাই পরবর্তী এ রুটের টিকিট বিমান সেলস কাউন্টার, বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে।
বুধবার (২৯ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকেট যদি এর আগে কেউ ক্রয় করে থাকেন তাহলে চাহিদা মোতাবেক উক্ত টিকিট কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড (টাকা ফেরত) নিতে পারবেন অথবা সিট খালি থাকা সাপেক্ষে বিনামূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে পারবেন। সেই সঙ্গে যাত্রীরা চাইলে তাদের যাত্রার রুটটি ঢাকা-সিলেট-ম্যানচেস্টার এর পরিবর্তে ঢাকা-সিলেট-লন্ডন রুটে বিনা খরচে পরিবর্তন করতে পারবেন। একইভাবে ফিরতি রুটের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।










