নেতাকর্মীদের গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে বিএনপি।

২০১৯ থেকে আওয়ামী লীগ সরকার পতন পর্যন্ত এসব গুমের ঘটনা ঘটে বলে দলটি জানিয়েছে। আর এসব ঘটনায় অভিযোগে আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক আইজিপিসহ ১৬ জনের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে গতকাল দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান। এ সময় তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

ভুক্তভোগীরা জানান, শুধু বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের নির্মম নির্যাতনের শিকার হতে হয়। ২০১৯ থেকে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত সংঘটিত ১১টি গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওই সময় সরকারের শীর্ষ পদে থাকা ১৬ জন জড়িত ছিলেন বলে তারা অভিযোগ করেন।

জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। আর এ মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।

একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল শেখ হাসিনার সরকার। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ট্রাইব্যুনালেই শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

দেশ ছাড়ার পর থেকেই ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।