রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেছেন, গরিবের ট্যাক্সের টাকায় রাষ্ট্র-সরকার চলে আর তারাই থাকে বঞ্চিত। রাষ্ট্র পরিচালনায় গরিব, ভূমিহীন, কৃষক, জেলে, সাঁওতাল, সাধু-সন্ন্যাসী, দলিত, পাহাড়িসহ সব প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ঐক্য কমিশনে এ সংক্রান্ত প্রস্তাব আনার দাবি জানান তিনি।
শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন ও সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি যৌথভাবে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশের আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে ভূমি ও কৃষি সংস্কার কমিশন গঠন, বাগদা ফার্মের জমি প্রকৃত মালিকদের ফেরত দেয়া, হাট-ঘাটের ইজারাদারি প্রথা বাতিলসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে পল্টন এলাকায় মিছিল হয় এবং আগামীকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৮ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেয়া হবে বলে জানানো হয়।
হাসনাত কাইয়ূম বলেন, ৭১ এর মতো, ৯০ এর মতো আবারো জনগণের রক্ত-ঘামের ওপর অর্জিত বিজয় এক-দুটি দল তাদের দলীয় স্বার্থে ব্যবহার করছে। ফলাফল হচ্ছে, বিজয়টাই বেহাত হবার উপক্রম। আবারো এখানে ফ্যাসিবাদ জেঁকে বসার উপক্রম হয়েছে। যারা জনগণের সঙ্গে আবারো প্রতারণার ফন্দি করছেন, তাদের ওপর ইতিহাসের লানত পড়বে। হাসিনার মতো তাদেরও একই পরিণতি বরণ করতে হবে।
তিনি সব রাজনৈতিক দলকে বিচার, টেকসই সংস্কার ও নির্বাচন সামনে রেখে দায়িত্বশীল রাজনীতি করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন বলেন, সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সারা জীবন কৃষি, কৃষক, ভূমিহীন ও মেহনতি জনতার জন্য আন্দোলন করেছেন। কিন্তু উপদেষ্টা হবার পর আমাদের বারবার দাবির মুখেও তারা কৃষি, কৃষক, জেলে, সাঁওতাল, ভূমিহীনদের জন্য কোনো উদ্যোগ নেন নাই। সরকারকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, আপনারা যেটা ১১ মাসে পারেন নাই, আমরা চাষা-ভূষা, অশিক্ষিত, গরিবরা সেটা এক মাসে করে দেখাতে পারব।
সমাবেশে সংহতি জানিয়ে আরো বক্তব্য দেন সুনামগঞ্জের আব্দুস শুকুর মিয়া, বরিশালের সাইফুর রহমান, নোয়াখালীর সামছুদ্দিন রাকিব, আজগার আলী, সিরাজগঞ্জের আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রামের আব্দুল হামিদ, লালমনিরহাটের শফিকুল ইসলাম, পাবনার মো. সাবু ইসলাম, গাইবান্ধার মো. স্বপন শেখ, রাফায়েল হাজরা, নারায়ণগঞ্জের জিয়ারুল ইসলাম সুমন, শেরপুরের শাহিন আলম, হবিগঞ্জের মো. মহসিন মিয়া, চট্টগ্রামের সমীরণ বড়ুয়া, নওগাঁর হাবিবুর রহমান অনিক, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মিন্টু মিয়া, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আহ্বায়ক লামিয়া ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক সোহেল শিকদার, অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, জাতীয় সমন্বয়ক জাকিয়া শিশির, ঢাকা জেলার প্রধান সমন্বয়ক লিটন কবিরাজ, সংগঠক আনসার আলী দুলাল, নাহিদ হাসান নলেজ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক ছামিউল আলম রাশু।









