ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল নির্বাচনী ইশতাহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গতকাল এ তথ্য জানিয়েছেন।

ইশতাহারের কাজ এরই মধ্যে গুছিয়ে আনা হয়েছে বলে এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে জানান। তিনি বলেন, ‘বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং নিজেদের সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে ৩১ দফা ও ২৭ দফার আলোকে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। সে কর্মসূচির অভিজ্ঞতা ও জনমতের ভিত্তিতেই আমাদের নির্বাচনী ইশতাহার এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

মাহদী আমিন আরো বলেন, ‘মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে ইশতাহারটি প্রণীত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কর্মসংস্থান, কৃষকের অধিকার, সুশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে এতে।’ 

এদিকে নির্বাচনী প্রতিশ্রুতিতে বিএনপি জনগণের প্রত্যাশার চেয়েও বড় চমক নিয়ে আসছে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে গতকাল আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি জানান, ইশতাহারে দেশের সামগ্রিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষার বিস্তারিত রূপরেখা তুলে ধরা হবে।

নজরুল ইসলাম খানের বক্তব্যের একটি বড় অংশজুড়ে ছিল রাজধানীর বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ কড়াইল বস্তিবাসীদের উচ্ছেদের ভয় দেখাচ্ছে। তবে বিএনপির পরিকল্পনা ভিন্ন উল্লেখ করে তিনি ঘোষণা দেন, ক্ষমতায় এলে বস্তিবাসীদের স্থায়ী আবাসন নিশ্চিত করতে আগেভাগেই ৫ হাজার ফ্ল্যাটের বরাদ্দপত্র দেয়া হবে। এছাড়া নারীদের জন্য নিরাপদ আবাসন এবং রাজপথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। পরিবহন খাতের শ্রমিকদের কল্যাণে সরকার থেকে ভর্তুকি দিয়ে হলেও বীমা ব্যবস্থা চালুর বড় একটি ঘোষণা দেন তিনি।