জেলা সম্মেলনকে কেন্দ্র করে নাটোর সার্কিট হাউজে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, মশিউর রহমান, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মীর নাফিউল ইসলাম অন্তরসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ নেতাকর্মীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ সাত পর বছর আজ নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা স্থানীয় সার্কিট হাউজে আসার কথা শুনে দুপুর থেকেই স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের নেতাকর্মীরা সার্কিট হাউজে অবস্থান নেন। সন্ধ্যা ৬টার দিকে সার্কিট হাউজে অবস্থান নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সার্কিট হাউজে অবস্থান করছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া, সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ও শফিকুল ইসলাম শিমুল।