এ কমিশন গঠনের উদ্যোগটি কোনো চাপিয়ে দেয়া বিষয় হবে না, বরং সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই এটি বাস্তবায়িত হবে, যা মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে।’
গতকাল সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের কার্যালয়ে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনের আগেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই অংশীজনদের সঙ্গে লাগাতার মতবিনিময় করছি। আমরা এমন একটি কমিশন গঠন করতে চাই যা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের মানুষকে অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেবে।’
বর্তমান সময়কে একটি রূপান্তরকালীন সময় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবী এক গতির মধ্য দিয়ে নতুন পৃথিবীতে প্রবেশ করেছে। ডিজিটাল যুগের এই আশীর্বাদের গতির সঙ্গে তাল মেলাতে পুরনো প্রজন্মের অনেকেরই কষ্ট হচ্ছে। এই সময়ে সঠিক তথ্যপ্রবাহ বজায় রাখা গণমাধ্যমের প্রধান দায়িত্ব।’
তিনি সতর্ক করে বলেন, ‘অবাধ তথ্যপ্রবাহের বিস্তৃতি যেমন বেড়েছে, তেমনি অপতথ্য ও ভুয়া তথ্য প্রচারের সুযোগও প্রসারিত হয়েছে। ডিজিটাল ভিউয়ারদের এ অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেয়া এখন বড় চ্যালেঞ্জ।’
মন্ত্রী বলেন, ‘বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে তৈরি হওয়া নতুন সংকট মোকাবেলায় তথ্য মন্ত্রণালয় নতুন কর্মকৌশল নির্ধারণ করছে। এক্ষেত্রে তিনি নতুন জন্ম নেয়া সংবাদমাধ্যমগুলোকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।’
এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নীতিনির্ধারক, সাংবাদিক ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী কেক কেটে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং কার্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।










