যশোরের শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যাকাণ্ডের ২২ বছরেও হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা যায়নি। হত্যা মামলাটির কার্যক্রম গত ১৭ বছর ধরে উচ্চ আদালতে আটকে রয়েছে। ফলে আইনের মারপ্যাঁচে বিচার প্রক্রিয়া উচ্চ আদালতে আটকে থাকায় ক্ষুব্ধ নিহতের পরিবার ও যশোরের সাংবাদিক সমাজ। যদিও সরকার উদ্যোগ নিলেই এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব বলে মন্তব্য আইনজীবীদের। এরই মধ্য দিয়ে আজ নির্মম এ হত্যাকাণ্ডের ২২তম বার্ষিকী পালিত হচ্ছে।

প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবল ২০০০ সালের ১৬ জুলাই রাতে জনকণ্ঠ যশোর কার্যালয়ে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন।

দীর্ঘদিনেও চাঞ্চল্যকর এ মামলাটির বিচার না হওয়ায় নিহতের পরিবার ও সাংবাদিক সমাজে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর নিহতের পরিবার ও সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি তোলা হয়েছে পুরনো বিতর্কিত তদন্ত বাতিলপূর্বক মামলাটি পুনঃতদন্তের।

এদিকে শামছুর রহমানের ২২তম হত্যাবার্ষিকী উপলক্ষে হত্যাকাণ্ডের বিচার দাবিতে আজ যশোরে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।