ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। চার ঘাটে পারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী জানান, রোববার রাত ১২টার দিক ঘন কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। বিকনবাতি অস্পষ্ট হয়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় উভয়ঘাটে ১২টি ফেরি আটকে রাখা হয়।
অপর দিকে, মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটেও ঘন কুয়াশার প্রকোপ বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় দুই ঘাটে আটকে রাখা হয় ৫টি ফেরি।
দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এই পরিস্থিতিতে ঘন কুয়াশার প্রকোপ না কমা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক করানো সম্ভব হবে না বলেও জানান বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম।










