কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি রিফাত রশিদ গতকাল এ ঘোষণা দেন।

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন সংগঠনটির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ পাঁচজন। এ ঘটনায় বেশ আলোচনা-সমালোচনার মুখে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিতের ঘোষণা এল। এর মধ্যে চারজনকে রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে এ প্লাটফর্ম ব্যবহার করছে। তাই অর্গানোগ্রামের সিদ্ধান্তে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।’

রিফাত রশিদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে এর পর থেকে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই। আমাদের সংগঠন আগামীতে কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।’

এদিকে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার আবদুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে সাতদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গতকাল এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন সাকদাউন সিয়াম, সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেন।