কোনো অবস্থাতেই নিম্ন আদালতের কোনো ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। দেশের কিছু জায়গায় নিম্ন আদালত ঘেরাওয়ের খবর শুনে আজ শনিবার (১০ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ আহ্বান জানান তিনি।

ড. আসিফ নজরুল বলেন, আমি দেশের কিছু এলাকাতে নিম্ন আদালত ঘেরাওয়ের খবর পেয়েছি। আন্দোলনকারী ছাত্র-জনতা ভাইদের প্রতি অনুরোধ করছি, কোনো অবস্থাতেই জেলার কোনো আদালতে ধ্বংসযজ্ঞ বা নাশকতামূলক কোনো কাজ করবেন না। ঘেরাও করারও দরকার নেই।

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির সঙ্গে নিম্ন আদালতের সম্পর্ক নেই বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, আমি ছাত্রজনতার পক্ষ থেকে নিশ্চিত করছি, প্রত্যাশা ছিল উচ্চ আদালতের অর্থাৎ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য কয়েকজন বিচারকের পদত্যাগের ব্যাপারে। নিম্ন আদালতের ব্যাপারে তাদের (আন্দোলনকারী) কোনো কর্মসূচি নেই।

তিনি আরো বলেন, কোনো অবস্থাতেই নিম্ন আদালতের কোনো ক্ষতি আপনারা করবেন না। এতকিছুর মধ্যেও তারা কাজ করে আপনাদের সেবা দেয়ার চেষ্টা করছেন। অতীতে কিছু ভুলভ্রান্তি হয়েছে। উনারা সেসব থেকে বের হয়ে আসবেন। সেরকম নিশ্চয়তা তারা দিয়েছেন। নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করবেন।