মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ২২ জুন চীন সফরে যাচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা এ সফরে যাচ্ছেন। সফরে বিএনপির কে কে যাবেন, তা এখনো জানা যায়নি।

এদিকে চীন সফরের আগে ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের আমন্ত্রণে গতকাল সন্ধ্যায় বারিধারায় দেশটির দূতাবাসে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। এ দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ্, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল।

জানা গেছে, চীন সফর ও বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণে সম্প্রতি বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেন চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।