কক্সবাজারের চকরিয়ার পিকআপচাপায় পাঁচ ভাইকে হত্যার অভিযোগে আটক পিকআপচালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেবের আদালত। গতকাল বেলা দেড়টার দিকে চকরিয়া থানা পুলিশ সাইফুলকে চকরিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। পরে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও চকরিয়া থানার এসআই আবুল হোসেন সাইফুলের সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সাইফুলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত
করেছেন।
এর আগে গত শুক্রবার রাতে পিকআপচালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করে র্যাব।
গত ৮ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় সদ্যপ্রয়াত সুরেশ চন্দ্রের পাঁচ ছেলে পিকআপচাপায় নিহত হন। এ সময় আহত হন সুরেশ চন্দ্রের আরো দুই ছেলে ও এক মেয়ে। আহতদের মধ্যে রক্তিম শীল চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে আছেন। নিহতদের বোন হীরা শীল মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন। তার একটি পা কেটে ফেলা হয়েছে। দুর্ঘটনার সময় নিহতদের ছোট বোন মুন্নি শীল ভাগ্যক্রমে বেঁচে যান। তিনি দাবি করেন, প্রথমবার পিকআপচাপা দেয়ার পর পুনরায় এসে চাপা না দিলে তাদের পরিবারে এমন ভয়াবহ বিপর্যয় ঘটত না।










