বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গত ১৫ বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে। দল-মত নির্বিশেষে দেশ ও ক্রিকেটকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।’

গতকাল বিকালে শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘বক্তৃতার মঞ্চে অনেক আগেই চলে গেছি। আমার জগৎটা এখন রাজনীতিতে। আমি খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে ছিলাম না। খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত থাকা উচিত। এই স্টেডিয়ামে চমৎকার একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। একসময় আমিও খেলতাম। আমার সুযোগ হয়েছিল ক্রিকেট বোর্ডের সদস্য হওয়ার। দেশ ও বাইরের বড় বড় খেলোয়াড় এ মাঠে খেলেছেন। স্টেডিয়ামে জোনাল ও জাতীয় দলের খেলার আয়োজন করতে হবে,৷ এতে ক্রিকেটের মান ও খেলার মান বাড়বে।’