তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন। গ্রামে বসবাস করে শহরের সুবিধা ভোগ করছে। এ দেশের কৃষক-শ্রমিক, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন শেখ হাসিনা। বিএনপি-জামায়াত কখনো মানুষের কথা ভাবেনি। প্রধানমন্ত্রী মানুষের কথা ভাবেন। তিনি ভূমিহীন মানুষকে ঘর উপহার দিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নাটোর জেলার সিংড়া পৌরসভার ১২টি ওয়ার্ডে বসবাসরত দরিদ্র, অনগ্রসর, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠীর নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাউজহোল্ড সাইলো সরবরাহ শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে পারিবারিক সাইলো বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, গত বন্যায় সিংড়া উপজেলার প্রায় অর্ধেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুটি এলাকায় বাঁধ ভেঙে গিয়েছিল। ৩৮টি পরিবার তাদের জায়গা হারায়। আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, খাবার দিয়েছি। বন্যাকবলিত পরিবারের পাশে থেকেছি। করোনা ও বন্যায় ৭২ হাজার পরিবারকে খাদ্য দিয়েছি। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মাধ্যমে ১ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকার অনুদান দিয়েছি। নগদ ২০ লাখ টাকা ও শিশুখাদ্য দিয়েছি। পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যখন দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিল তখন ১৯৭১-এর পরাজিত সৈনিকরা সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে। বর্তমানে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা।









