কক্সবাজারের বালুখালী সীমান্ত এলাকায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির পর ৯ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির। তার দাবি, এটি এখন পর্যন্ত জব্দ হওয়া আইসের সবচেয়ে বড় চালান।
বিজিবি সূত্রে জানা গেছে, উখিয়ার বালুখালী কাটাপাহাড় এলাকায় রোহিঙ্গা নবী হোসেনের আস্তানা থেকে রোববার রাতে ক্রিস্টাল মেথের একটি চালান আসবে এমন খবরে অভিযানে যায় বিজিবি। সদস্যদের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে গোলপাতার বাগান থেকে নয় কেজি ওজনের ক্রিস্টাল মেথ উদ্ধার করে বিজিবি। একই দিন কক্সবাজারের রেজুপাড়া বিওপির টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পালংখালীর তুলাতলীর আমবাগান এলাকা থেকে পাচারকালে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করে। বিজিবির আরেকটি দল বালুখালী এলাকা থেকে আরো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে।










