নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকিটা যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে গতকাল শনিবার চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনী সাধারণ সভায় বৈষম্যবিরোধী আন্দোলনের কথা বলায় জহিরুল ইসলামের হাতে লাঞ্ছনার শিকার হন জেলা সমবায় উপসহকারী নিবন্ধক মোহাম্মদ বিল্লাল হোসেন। ওই সময় তিনি সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং সমবায় কর্মকর্তার দিকে তেড়ে আসেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে।

গত ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় সদর মডেল থানায় অ্যাডভোকেট জহিরুল ইসলামের নামে মামলা রয়েছে। এ ছাড়া তার স্ত্রী সাবেক অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি (৫৫) হত্যা মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার হয়ে কারাভোগ করেন আওয়ামী লীগের এ নেতা।