বকেয়া পাওনা পরিশোধ ও রাষ্ট্রায়ত্ত ২৫ পাটকল চালুসহ বিভিন্ন দাবিতে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাটকল শ্রমিকরা। গতকাল সকাল ১০টায় খুলনা-যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড়ে খালিশপুর-দৌলতপুর জুট মিল কারখানা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে শ্রমিকরা পিপলস মোড় থেকে মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়ে হাজির হন। সেখানে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বকেয়া পাওনা পরিশোধ ও উৎপাদন বন্ধ থাকা ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শ্রমিক নেতা মনির হোসেন মনির সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা শাখার সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, দৌলতপুর জুট মিলস কারখানা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, যশোর-খুলনা আঞ্চলিক বদলি কমিটির আহ্বায়ক ইলিয়াস হোসেন ও সদস্যসচিব আব্দুর রাজ্জাক তালুকদার, শ্রমিক নেতা নূরুল ইসলাম এবং ছাত্র ফেডারেশন খুলনা নগর শাখার আহ্বায়ক আল আমিন শেখ।