সন্ত্রাসের কোনো রাজনৈতিক পরিচয় নেই উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সন্ত্রাসের কোনো রাজনৈতিক পরিচয় নেই। নিজের ধান্দা ও সুবিধার জন্য বাড়ি, জমি দখল, অন্যের গোয়াল থেকে গরু নিয়ে যায়, লোকের পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়, এটিই সন্ত্রাসবাদীদের কাজ। যতটুকু জেনেছি মিটফোর্ডে ভাঙারির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। যিনি নিহত হয়েছেন ও যারা ঘাতক তাদের মধ্যে এ নিয়ে ঝগড়া হয়েছে। দখলদারত্ব নিয়ে ঝামেলা হয়েছে। এটি হৃদয়বিদারক ঘটনা। এর সঙ্গে রাজনীতির কী সম্পর্ক? কিছু রাজনৈতিক দল বিএনপির সঙ্গে রঙচঙ দিয়ে কালার করার চেষ্টা করছে।’

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনাকে হৃদয়বিদারক অ্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘এ ঘটনার সত্য বিষয়টি অনুসন্ধান করার দায়িত্ব প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর।’ গতকাল ঢাকা উত্তর মহানগর বিএনপির মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘মিটফোর্ডের ঘটনায় বিএনপির একটি অঙ্গসংগঠনের নামে যাদের পাওয়া গেছে, তাদের ওই রাতেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিএনপি একটি বৃহৎ পরিবার, কোনো ছিদ্রপথে দু-একজন দুষ্কৃতকারী ঢুকে পড়ে।’