দেশে নির্বাচন নেই বলেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি কোনো অন্যায়কে সমর্থন করে না।’ সাম্প্রতিক সময়ে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেসব ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রে যাওয়ার প্রধান বাহন হচ্ছে নির্বাচন। নির্বাচন নেই বলেই আজ দেশে এ ঘটনাগুলো ঘটছে, আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে, মৃত্যু বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। কারণ তাদের (অন্তর্বর্তী সরকার) পেছনে সেই ধরনের জনসমর্থন নেই। একটা ইলেকটেড (নির্বাচিত) সরকার এলে নিঃসন্দেহে অনেক শক্তিশালী গভর্নমেন্ট (সরকার) হবে।’
গতকাল বিকালে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের নিহত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজক ছিল বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা পরিষ্কার করে বলতে চাই। যে ঘটনাগুলো ঘটছে, সরকারকে আহ্বান জানাব, অতি দ্রুত তদন্ত করে প্রকৃত যারা অপরাধী তাদের বের করে শাস্তির ব্যবস্থা করুন।’
শহীদ পরিবারের পুনর্বাসন ও আহত ব্যক্তিদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে প্রথমে শহীদ পরিবারের দাবি পূরণ করা হবে।’










