বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, মামলা বাণিজ্য, চাঁদাবাজি কিংবা ঘুষ নেয়া জামায়াতের কাজ নয়। অতীতের সরকার এসব করে জনগণের আস্থা হারিয়েছে। যারা একই পথে হাঁটবে, তাদের ভবিষ্যতও একই হবে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জামায়াতের কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা হাজার হাজার মামলা করব না। আমরা শুধু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরই মামলা করব। কিন্তু কোনো নিরপরাধ মানুষকে মামলায় জড়ানো হবে না। ১০ জন অপরাধীর সঙ্গে একজন নিরপরাধ ব্যক্তি থাকলেও আল্লাহর আদালতে আমাদের জবাবদিহি করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের প্রতিপক্ষ হলেও আমরা কারো প্রতি অন্যায় করব না। সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের প্রয়োজন রয়েছে। থানাগুলোর ক্ষতি হয়েছে। আমরা ফান্ড থেকে চেয়ার-টেবিল কিনে থানায় পাঠিয়েছি, যাতে তারা কাজ শুরু করতে পারে।
জামায়াত আমীর বলেন, দল-ধর্ম যার যার, দেশ আমাদের সবার। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। তরুণদের নেতৃত্বে হিংসা-হানাহানি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। আমাদের স্বপ্নের দেশে মামা-খালুর তদবির থাকবে না। যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে। নারীর সম্ভ্রম রক্ষা হবে।
ফ্যাসিবাদের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদ মানুষকে শুধু খুন ও গুম উপহার দিয়েছে। জনগণ আর ফ্যাসিবাদের ফিরে আসা চায় না। জনগণের একমাত্র চাওয়া তাদের নাগরিক অধিকার নিশ্চিত করা।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিন জোয়াদ্দারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, শামিম সাঈদী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস ও সাবেক জেলা আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন।
এ সময় জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন।










