শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করার জন্য বঙ্গভবনে বিএনপিসহ বিভিন্ন দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ঢুকেছেন।

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় তারা একসঙ্গে বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও তার সঙ্গে রয়েছেন বলে তিনি জানিয়েছেন।

অন্যদের মধ্যে বৈঠকে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।

এর বাইরে আরো বেশ কয়েক বঙ্গভবনে ঢুকেছেন বলে জানা যাচ্ছে। এর আগে দুপুরে তারা সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেন।