বাগেরহাট জেলা কারাগার থেকে ৬৪ জন ভারতীয় জেলে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে তাদের ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় কারা কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্টগার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে কোস্টগার্ডের তত্ত্বাবধানে নিরাপত্তার মধ্য দিয়ে জেলেদের মোংলায় নিয়ে যাওয়া হয়।
বাগেরহাট জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত বছর ১৮ অক্টোবর ও ২২ নভেম্বর বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় যথাক্রমে ৪৮ জন এবং ১৬ জন ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনী। তাদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী মামলা দায়ের করে মোংলা থানা। আদালতের নির্দেশে তখন তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল আজাদের আদালত গত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি ভারতীয় জেলেদের মুক্তির আদেশ দেন।
বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার বলেন, আদালতের নির্দেশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ৬৪ জন ভারতীয় জেলেকে মুক্তি দেয়া হয়েছে।
কোস্টগার্ড মোংলা জোনের এক কর্মকর্তা জানান, কারা কর্তৃপক্ষ ভারতীয় জেলেদের তাদের কাছে হস্তান্তর করেছে। পরবর্তী নির্দেশনা পেলে তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।










