টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনে কাটা পড়ে স্বামী-স্ত্রী মারা গেছেন। আজ শনিবার (৪ জানুয়ারি) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে ধলাটেংগর এলাকার রেললাইন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন— কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনিমগড়া গ্রামের নীলকান্ত মন্ডল (৬০) ও তার স্ত্রী কল্পনা রাণী মন্ডল (৫৫)। শুক্রবার রাতে তারা কালিহাতীর রৌহা গ্রামে কীর্তনে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে রেললাইনের পাশে তাদের মরদেহ পাওয়া যায়। পরিবারের লোকজন তাদের শনাক্ত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে।
যমুনা সেতু পূর্বপ্রান্তের স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, ঘটনার পরপরই পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।










