‘যুক্তির আলোয় মুক্তির জয়গান’ স্লোগানে বাগেরহাটে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) জেলা বিতর্ক উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ৯টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিতার্কিকরা জড়ো হয় শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে।
পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। অনুষ্ঠানে বক্তব্য দেন এনডিএফ বিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একেএম শোয়েব, মহাপরিচালক এম আলমগীর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রব চৌধুরী প্রমুখ। এ সময় বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জী, বিতর্ক উৎসব আয়োজক কমিটির আহবায়ক এস কে এ হাসিব, সদস্য সচিব শেখ সাকির হোসেন, প্রধান সমন্বয়ক আবিদা সুলতানা, সমন্বয়ক মাহবুবুর রহমান সুজন, সরদার ইনজামামুল হকসহ ৫ শতাধিক বিতার্কিক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিদের স্মারকলিপি প্রদান শেষে একে একে শিশু বিতর্ক, সংসদীয় বিতর্ক, পেশাজীবী বিতর্ক, প্লানচেট বিতর্ক, সনাতনী বিতর্ক, বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরের পরে শিক্ষার্থীদের নিয়ে ইংলিশ ডিবেট ওয়ার্কশপ এবং সনাতনী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থান থেকে আসা বিতার্কিকরা এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন।
সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন কর কমিশনার মহিদুল ইসলাম, বসুন্ধরা সিমেন্টের প্রধান বিপণন কর্মকর্তা শাহ জামাল ও বসুন্ধরা গ্রুপের ডিজিএম মাসুদুর রহমান।










