বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের কর মওকুফ চায় সরকার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখার উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে গত ২৮ জানুয়ারি এনবিআর চেয়ারম্যানের কাছে এ আবেদন জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে আহত রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদানের জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ পাঁচজন চক্ষু চিকিৎসক আগামী ১-২ ফেব্রুয়ারি বাংলাদেশে অবস্থান করে আহত রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করবেন। বাংলাদেশে অবস্থানকালীন হোটেলে থাকা এবং খাবার ব্যয় ও এয়ারপ্লেন ভাড়া বাবদ ৫৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ রয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে আহত রোগীদের চক্ষু চিকিৎসা সেবার কর সংক্রান্ত প্রজ্ঞাপনে ২০ শতাংশ হারে কর কর্তনের বিধান উল্লেখ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে বিদেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি বা পরামর্শ/কনসালটেন্সি প্রদান এবং এ সংক্রান্ত সংশ্লিষ্ট অন্যান্য সেবাসমূহ সংগ্রহের ক্ষেত্রে ভ্যাট ও ট্যাক্স কর্তন করা হলে সংশ্লিষ্ট খাতে মূল বরাদ্দে অর্থের সংস্থান কমে যাবে ফলে সংশ্লিষ্ট খাতের ভ্যাট ও ট্যাক্স মওকুফ করা প্রয়োজন।
ভবিষ্যতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে পৃথিবীর বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বাংলাদেশে ভ্রমণ, অবস্থান ও চিকিৎসা সেবা বা পরামর্শ প্রদানের সম্ভাবনা রয়েছে বলে চিঠিতে আরো বলা হয়েছে।










