জাতির শোকের সময়ে জনসাধারণকে শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘জাতির এই শোকের সময়ে আমি সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানাচ্ছি। বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের ওপর ভিত্তি করে আমাদের একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি প্রদর্শনের মাধ্যমে মোকাবেলা করতে হবে।’

মঙ্গলবার গভীর রাতে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিবৃতি গণমাধ্যমে পাঠান।

সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে দেড় শতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার বেশির ভাগই শিশু।

এ হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠে। মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রতায় পরীক্ষা স্থগিতের সেই ঘোষণা আসে সোমবার রাত ৩টার দিকে। অনেক শিক্ষার্থীর কাছে সেই খবর না পৌঁছানোয় কেন্দ্রে গিয়ে ফিরে আসতে হয় তাদের। এ পরিস্থিতিতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি নিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়লে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শুরু হয় সংঘর্ষ, ওই এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।

তারেক রহমান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উসকে দেয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এই সব গোষ্ঠীর বাংলাদেশের ইতিহাসের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকা উচিত। এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেয়া উচিত। আমাদের শক্তি ব্যয় হোক নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা, নিহতদের সঠিকভাবে হিসাব করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেয়ার কাজে।’