দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে যুবদল। গতকাল যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।
গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহের জন্য দেয়া আমন্ত্রণপত্রে যুবদল জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আয়োজন করা হয়েছে। সমাবেশটি বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে শেষ হবে। এর আগে নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সমাবেশের সঞ্চালনা করবেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বণিক বার্তাকে বলেন, ‘বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে শান্তিপূর্ণ বাংলাদেশের বার্তা দেয়া হবে। দীর্ঘদিনের আন্দোলনে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, সেটা গুটিকয়েক লোকের জন্য নষ্ট হচ্ছে। এটা উদ্বেগের বিষয়। যেকোনো পরিস্থিতিতে দেশকে নিরাপদ রাখতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল। আমরাও তাদের সহযোগিতা করছি। কিন্তু এনসিপির কতিপয় নেতার আস্ফালনে নিরাপদ বাংলাদেশের সম্ভাবনা ম্লান হয়ে যাচ্ছে। গোপালগঞ্জে সেনাবাহিনী এবং পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল। কিন্তু এর পরও দেখলাম, এনসিপির নেতাকর্মীরা তাদের গালমন্দ করছেন। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।’










