স্বাস্থ্য সেবা খাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাওয়া ঠেকাতে হেলথ ইন্স্যুরেন্সের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। সোমবার (১১ মে) বণিক বার্তা আয়োজিত ‘সোনার বাংলা নীতি আলোচনা ২০২৬’ শীর্ষক পলিসি কনক্লেভে তিনি এসব কথা বলেন।

প্রীতি চক্রবর্তী বলেন, একটি বিষয় গুরুত্ব দিয়ে ভাবা উচিত। সেটা হলো, প্রতি বছর স্বাস্থ্য সেবার পেছনে প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদের দেশ থেকে বিদেশে চলে যায়। এ অর্থ দেশে রাখতে হলে হেলথ ইন্স্যুরেন্সের বিকল্প নেই। এ বিষয়ে সরকারের ভাবা জরুরি।

সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথা বললেও তা অব্যবহৃত থেকে ফিরে যাওয়ার চর্চা শঙ্কা বাড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির কথা বলেছে। এ বরাদ্দ বৃদ্ধি নিয়ে আমরা যতটা না উদ্বেলিত, তার চেয়ে বেশি শঙ্কিত। বছর শেষে এ ব্যয় ফিরে যায় কিনা, তা আমরা জানি না। কারণ বছর বছর আমরা এ চর্চাই দেখে এসেছি। এছাড়া এ বাড়তি ব্যয় কোন কোন খাতে হবে, সেটাও জানানো জরুরি।