ঈদুল আজহা সামনে রেখে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে দোকান, বিপণিবিতান। তবে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না। আজ মঙ্গলবার রাত সোয়া ৯টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি কার্যকর করতে সব বিভাগীয় কমিশনার ও দেলা প্রশাসকদের নির্দেশনা জারির ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে দেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ আগামী ২৮ মে উদযাপিত হবে।

এর আগে ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে শপিং মল ও দোকান পাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। পরে ব্যবসায়ীদের দাবিতে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়া হয়।

এ সিদ্ধান্তের পর গত ৪ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে সময় বাড়ানোর আবেদন করেছিল দোকান মালিক সমিতি। সে সময় ঈদুল আজহার আগ পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত খোলা রাখার দাবি জানান তারা। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৭ মে রাত ১০ পর্যন্ত দোকানপাট চালু রাখার বিষয়ে সম্মতি দিয়েছিলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী। সেদিন ১২ মে মঙ্গলবার থেকে তা চালু হওয়ার কথা বলা হয়েছিল। সেইসঙ্গে দোকান ও বিপণিবিতানে কোনো ধরনের আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও জানানো হয়েছিল।