সারা দেশের বিএনপি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রাতে দেশবাসীর উদ্দেশে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের আনন্দঘন সময় রাহুমুক্তির এ ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসাপরায়ণ হবেন না।’

বাংলাদেশের সাহসী ছাত্র-জনতাকে বীরোচিত অভিনন্দন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘৫২, ’৭১ কিংবা ’৯০-এর মতো ছাত্র-জনতা আবারো একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে। গৌরবজনক ঐতিহাসিক এ মুহূর্তে হাজারো শহীদের প্রাণের বিনিময়ে জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। রাহুমুক্ত হয়েছে প্রিয় বাংলাদেশ। জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না। ঐতিহাসিক এ বিপ্লবের মধ্য দিয়ে আবারো প্রমাণিত হয়েছে, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকলে এ বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারবে না।’

তারেক রহমান বলেন, ‘বিজয়ের ঐতিহাসিক মুহূর্তে আজ সেই সব মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, এ গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন। এভাবে গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতা হারিয়েছেন, অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন, গুম-খুন-অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেয়া হয়েছে। সন্তানের শহীদী মৃত্যু স্বজনদের ত্যাগ-তিতিক্ষায় ৫ আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং কারামুক্তির দাবি জানান। একই সঙ্গে ছাত্রছাত্রীরা যাতে আবার স্বাভাবিকভাবে হলে, ক্লাসে ফিরতে পারে এবং পরীক্ষায় অংশ নিতে পারে, সরকার সবার আগে সেই পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করেন তিনি। পাশাপাশি  যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।