নির্বাচনের মাঠে ভোট কারচুপি ও আইন ভঙ্গ বিএনপি করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের মতো ভোট কারচুপি করবে না এবং আইন ভঙ্গ করবে না বিএনপি। বিএনপি জনগণের অধিকার হরণ করে না, বরং বিনয়ী হয়ে ভোট চাইবে। আওয়ামী লীগের সময় ভোট কেন্দ্রে কেউ যেতে পারেনি। ভোট কেন্দ্রে যাওয়ার আগেই তার ভোট দেয়া হয়ে গিয়েছিল। কিন্তু আমরা এটি চাই না। আমরা নির্বাচনের সময় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম, যাতে সবাই তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’
তিনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই কথা বলেছেন যে মানুষকে শাসিয়ে বা তাদের অধিকার হরণ করে ভোট পাওয়া যাবে না; বরং বিনয়ী হয়ে ভোট চাইতে হবে।’
বিএনপিতে আওয়ামী লীগের কোনো স্থান হবে না বলে সতর্ক করে তিনি বলেন, ‘আজ যে সদস্য নবায়ন করা হচ্ছে সেখানে যেন কোনো আওয়ামী লীগার না থাকে। কারণ এটা পরীক্ষিত, আওয়ামী লীগের কেউই ভালো না। আওয়ামী লীগ নিজের স্বার্থ ছাড়া আর কারোর স্বার্থ দেখে না। তাই তাদের কাউকে দলে নেয়া যাবে না। তবে নিরপেক্ষ কেউ থাকলে তাকে অবশ্যই দলে আসার জন্য আহ্বান জানানো।’










