ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া- পাটুরিয়ায় প্রায়ই ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। রোববার (২ ফেব্রুয়োরি) সাড়ে দশ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৯টায় ফেরি পারাপার স্বাভাবিক হয়। এর আগে শনিবার সন্ধ্যার পর থেকে নৌপথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে রাত সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এ সময় ফেরি বন্ধ হওয়ায় নদীর দৌলতদিয়া প্রান্তে পারের ঘাটের কাছেই নোঙ্গর করে ৬টি ফেরি। আর ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের অন্তত আড়াই কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় আটকে পরে অন্তত ৩শ ছোট-বড় যানবাহন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বণিক বার্তাকে বলেন, ঘন কুয়াশার কারণে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রায়ই ফেরি পারাপার বন্ধ রাখা হয়। রোববারও সাড়ে ১০ ঘণ্টা ফেরি পারাপার বন্ধ ছিল। তবে কুয়াশা কেটে গেলে সঙ্গে সঙ্গে বহরে থাকা ১৪টি ফেরি দিয়ে যানবাহনগুলোকে পার করে দেয়া হয়।