পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মো. মারুফ শেখ (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুদ্র বড়াল (২৮) নামের আরেক যাত্রী গুরুতর আহত হন। সোমবার (৩০ ডিসেম্বর) পিরোজপুর সদর উপজেলার ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে পিরোজপুরের কাউখালি থেকে আসা একটি মোটরসাইকেল বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর হুইল গার্ডের সঙ্গে সজোড়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী রুদ্র ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ও আহতকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশিতা বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে এ ঘটনায় গুরুতর আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় ও আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহত মারুফ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রাম এলাকার মো. ইদ্রিস শেখের ছেলে। আহত রুদ্র বড়াল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রবিন্দ্র বড়ালের ছেলে।