ঘন কুয়াশায় মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন প‌রিবহন নামের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্প‌তিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এক্সপ্রেসওয়ের কুতুবপুর ৪ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বি‌ভিন্ন ক্লি‌নিক ও হাসপাতালে নিয়ে চি‌কিৎসা দেয়া হয়। তবে বড়‌ কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্প‌তিবার সকাল সাড়ে ৮টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে গোল্ডেন লাইন নামের এক‌টি যাত্রীবাহী বাস। শিবচরের কুতুবপু‌র ৪ নম্বর ব্রিজ এলাকার কাছে এলে ঘন কুয়াশার কারণে বাস‌টি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাস‌টিতে প্রায় ৫০ জন যাত্রী ছি‌ল বলে জানা গেছে।

শিবচর হাইওয়ে থানার ও‌সি জ‌হুরুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের কুতুবপুর ৪ নম্বর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। হাইওয়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকব‌লিত বাসটি উদ্ধার করে‌ থানায় নিয়ে আসে।