তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে সাইফুল ইসলাম (৪৮) নামে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজাম (জোবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুল ইসলাম নরসিংদীর মাধবদী উপজেলার রংপুর গ্রামের ইমাম উদ্দিনের ছেলে।
মাওলানা জোবায়ের অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘দ্বিতীয় ধাপের ইজতেমা উপলক্ষে এরই মধ্যে টঙ্গীর ইজতেমা মাঠে হাজারো মুসল্লি জড়ো হয়েছেন। সাইফুল ইসলামও ছিলেন তাদেরই একজন। এর মধ্যে সোমবার বিকালে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘সাইফুলের উচ্চরক্তচাপজনিত সমস্যা ছিল। এর মধ্যে ময়দানে অবস্থানকালে বিকালে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তিনি হৃদ্রোগে (হার্ট অ্যাটাক) মারা গেছেন বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন।’
এর আগে, বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ জন মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান।










