বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। গত ১৫ বছরে দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশে ভয় ও গুমের রাজত্ব কায়েম করেছিল। ১৯৭৫ সালের মতো একদলীয় শাসন ব্যবস্থা তথা বাকশাল কায়েম করেছিল। বিগত ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসনকালে মানুষ ভোট দিতে পারেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে গুম ও খুনসহ ফৌজদারী আইনে মিথ্যা মামলা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে। অমানুষিক নির্যাতন করেছে।

মির্জা ফখরুল বলেন, বিগত ১৫টি বছর দেশের গণতন্ত্রকামী মানুষদের সঙ্গে নিয়ে আমরা একটি গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম। বর্তমানে সে যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। ফলে বিগত ৫৩ বছরেও আমরা বাংলাদেশকে একটা সুখী, সমৃদ্ধ দেশে পরিণত করতে পারিনি।

বিএনপি মহাসচিব বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জন করেছি, সে অর্জনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত করার স্বপ্ন দেখছি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি ভালোবাসা থাকলে আমাদের সে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। তিনি বলেন, সমস্যা থাকবেই, কিন্তু সে সমস্যা কাটিয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্ম আমাদের সকল আশা ও আকাঙ্ক্ষা পূরণ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আব্দুল্লাহ্, কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ঠাকুরগাও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আ ন ম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক ড. আব্দুর রাজ্জাক এবং কলেজটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. মতিউর রহমান সবুজ।

অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. নাজমুল হাসান, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর আদালতের সাবেক পিপি ও বিশিষ্ট আইনজীবী আব্দুস সাঈদসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।