ভেনিজুয়েলায় ১০ দিনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বন্ধ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) বলেছেন, দেশে ১০ দিনের জন্য এক্স বন্ধ করা হবে। খবর রয়টার্স।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে নিকোলাস মাদুরো বলেন, টেলিকমিউনিকেশনের
দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা ভেনিজুয়েলায় ১০ দিনের জন্য সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক
এক্সের (সাবেক টুইটার) কার্যক্রম বন্ধ রাখবে।
নিকোলাস মাদুরোর পুনঃনির্বাচনের বিরুদ্ধে এক্সের মালিক ইলন মাস্কের
অবস্থান নেয়ার অভিযোগ ওঠার পর দেশটি এমন পদক্ষেপ গ্রহণ করল। এক্সে ঘৃণা, গৃহযুদ্ধ এবং
হত্যাকাণ্ডে উস্কানি ছড়ানো হচ্ছে বলে নিকোলাস মাদুরোর সরকার অভিযোগ করেছে।
এর আগে এক্সে এক পোস্টে ইলন মাস্ক ভেনিজুয়েলার সরকার প্রধানকে গাধার
সঙ্গে তুলনা করেন। এ বিষয়ে এক্সের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।










