নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

তবে তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন নাকি সশরীরে উপস্থিত থাকবেন সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। এ বিষয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে তিনি ভার্চুয়ালিই উপস্থিত থাকবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতারা বক্তব্য রাখবেন। সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ করা হলো।