রাষ্ট্র কাঠামো পরিবর্তনে বিএনপি প্রয়োজন অনুসারে সচেতনভাবে সামনের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক দল হিসেবে অত্যন্ত সচেতন। জনগণের যেটা প্রয়োজন এবং যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামো পরিবর্তনে সেভাবেই আমরা সামনের দিকে এগোচ্ছি।’

গতকাল রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে ‘ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট: পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’ এ সেমিনারের আয়োজন করে।

বিএনপি মহাসচিব বলেন, ‘অনেকে আজকাল অনেক কথা বলছেন। সংস্কার তো আমরা অনেক আগে থেকেই উপলব্ধি করেছি। আমরা ২০১৬ সালে প্রথম ভিশন-২০৩০ দিয়েছি, যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা, সংস্কারের কথা প্রথম বিএনপির পক্ষ থেকে বলেছি। আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন। ২০২২ সালে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। আজকে সংস্কারবিষয়ক যে কমিটিগুলো হয়েছে সেখানে ওই বিষয়গুলো নিয়েই আলোচনা। সবকিছুই নির্ভর করবে মানুষের ওপর।’

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে খালেদা জিয়ার কমিটমেন্ট আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রায় আট কোটি মানুষের জীবন-জীবিকা পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতুর সঙ্গে জড়িত। সাতবার সম্ভাব্যতা যাচাই হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু ফরিদপুর বা রাজবাড়ীর সমস্যা নয়, এটা পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা। আমাদের নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে। সর্বস্তরের মানুষকে তাদের দাবি নিয়ে দাঁড়াতে হবে। সেটা যে সরকারই আসুক তাদের বলতে হবে এটা আমরা চাই।’

সেমিনারে ‘ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট: পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা’ নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী আব্দুল ওয়াদুদ ভুঁইয়া। দ্বিতীয় পদ্মা সেতুর আবশ্যিকতা নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন প্রকৌশলী শহিদুল ইমাম।

‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’র সভাপতি সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, পানি বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান, সাবেক প্রকৌশলী গিয়াস উদ্দিন, জাতীয় কমিটির মহাসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ওহাব মো. হাফিজুল হক, প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর হোসেন খান জালাল প্রমুখ।