জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সারজিস আলম বলেছেন, গত ১৬ বছরে কোনো লিডারশিপ তৈরি হয়নি। তৈরি হয়েছে শেখ হাসিনার দাস, জাতীয় নাগরিক কমিটি থেকে তৈরি হবে লিডারশিপ। জাতীয় নাগরিক কমিটি রাজনীতিতে একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে। আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে।

তিনি বলেন, আগামীর বাংলাদেশে আগামী দুই মাসের মধ্যে নতুন একাধিক রাজনৈতিক দল আসছে, অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের নিয়েই হবে রাজনৈতিক দল। কিন্তু জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না। তবে কেউ যদি রাজনৈতিক দলে যায় তারা জাতীয় নাগরিক কমিটির পদ ছেড়ে দিয়ে বের হয়ে যাবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভায় সারজিস আলম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসবে। জাতীয় নাগরিক কমিটিতে লিডার তৈরি হলে তারাও নতুন রাজনৈতিক দলে জায়গা পাবে।

সারজিস বলেন, শেখ হাসিনা গত ১৬ বছরে কিছু অবকাঠামো দিয়ে বাংলাদেশের যা উন্নতি দেখিয়েছে, তার ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করেছে। বর্তমানে জাতীয় নাগরিক কমিটিতে স্বল্প সংখ্যক মানুষ থাকলেও আগামীতে ইনশাআল্লাহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দিয়ে জাতীয় নাগরিক কমিটিতে বৃহৎ শক্তি তৈরি হবে।

নাগরিক কমিটির এ মুখ্য সংগঠক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তদবিরের মধ্যেই কাজ হতো। আমরা শুদ্ধি অভিযান শুরু করতে চাই। তদবিরে বিশ্বাস করি না। শেখ হাসিনা গত ১৬ বছরে মেট্রোরেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল দৃশ্যমান করেছে। কিন্তু একটা দেশের উন্নতি শুধু কয়েকটা অবকাঠামোর উন্নতি দিয়ে হতে পারে না। এরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য শুধু মাত্র একটা টার্ম বা সরকার যথেষ্ট। কিন্তু বিগত ৩ থেকে ৪টি টার্মে যে জিনিসটি হয়েছে, এ অবকাঠামোগুলোতে জোর দেয়া হচ্ছে মানুষের চোখের সামনে যাতে তারা দেখে। এগুলোকে সামনে রেখে ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় তার সবই করেছে শেখ হাসিনা। এখন সমস্যা হচ্ছে, এরকম একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উসিলা করে কেউ যখন একটা লুটপাটের সাম্রাজ্য চালায় তখন সেটা বৃহৎ স্বার্থে দেশের জন্য সমস্যা।

জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভার মূল উদ্দেশ্য নিয়ে সারজিস বলেন, জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব।

এ সময় স্থানীয় জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান এবং ফজলে রাব্বিসহ জাতীয় নাগরিক কমিটির পঞ্চগড় জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।